বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশ, তাদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জনে এক নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, রাইস কুকার, সিলিং ফ্যান, ফ্লাক্স এবং টিফিন ক্যারিয়ারসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় সমাজসেবক ও ইউনিয়ন জামায়াত ইসলামী নেতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান।
এক বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিবিচিনি ইউনিয়নের ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতা ছিল শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়ের দক্ষতা যাচাইয়ের জন্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় ৭২নং বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন জাহান মৌসুমি বলেন, শিক্ষার্থীদের বেসিক বেইজটি যদি ঠিক করা যায়, তবে তারা কখনোই আটকাবে না। এটা চাকরি বা ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানান, যিনি এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছেন।
১০নং উত্তর বিবিচিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং আমরা আশা করি এটি ভবিষ্যতে চলমান থাকবে।
স্থানীয় অভিভাবকরা বলেন, এটি আমাদের সন্তানদের মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, যদি একটি দেশকে উন্নতি করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। আমি চাই আমার ইউনিয়নের শিক্ষার্থীরা যাতে মেধায় আরও উন্নতি করতে পারে এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে পারে। তিনি সকল শিক্ষক-শিক্ষিকাকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news