বরগুনার তালতলীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৩০৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকার বাঁধঘাট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. মন্টু খাঁ (৩৬)। তিনি তালতলী থানার ঠংপাড়া (৬নং ওয়ার্ড) এলাকার মো. চাঁন মিয়া খাঁর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস টিম জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ তালতলীর ঠংপাড়া বাঁধঘাট এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে মন্টু খাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০৩ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার ৯০০ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও চোরাচালানের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news