বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া থেকে লাউপাড়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে একটি পাকা সড়ক নির্মাণকাজ চলছে। প্রকল্পের আওতায় সড়কের বিভিন্ন স্থানে খালসংযোগ থাকায় আটটি কালভার্ট নির্মাণেরও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটি কালভার্ট নির্ধারিত স্থানে নির্মাণ না করে খালবিহীন অন্য স্থানে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পাশের খালের সংযোগস্থলে কালভার্টটি নির্মাণের কথা থাকলেও তা সেখানে না করে পাশের একটি স্থানে, ওবায়দুল নামে এক ব্যক্তির বাড়ির সামনে নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, বর্তমানে যেখানে কালভার্ট নির্মাণ করা হচ্ছে সেখানে দুই পাশেই কোনো খাল বা পানিপ্রবাহের পথ নেই।
স্থানীয় এক ব্যক্তি বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী নির্ধারিত স্থানে কালভার্ট নির্মাণ করা হলে স্থানীয় জনগণ উপকৃত হতেন। কিন্তু তা না করে ব্যক্তিস্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের মাধ্যমে কালভার্টের স্থান পরিবর্তনের অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, একজন ব্যক্তির সুবিধার্থে সরকারি অর্থ ব্যয়ে খালবিহীন স্থানে কালভার্ট নির্মাণ করা হচ্ছে, যা জনস্বার্থের পরিপন্থী।
কালভার্ট নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মিরাজ বলেন,কালভার্টটি আরও কিছুটা সামনে নির্মাণ করার কথা ছিল। তবে এলজিইডি অফিস এখানেই নির্মাণের নির্দেশ দিয়েছে। তাই আমরা এখানে কাজ শুরু করেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এলজিইডি অফিসই দিতে পারবে।
এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসী প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news