ফুটবল খেলা চলাকালে বল দেখে গরু দৌড়ে পালানোর অপরাধে শিশু খেলোয়ার হযরত আলীকে (১৪) বখাটে মুছা ঘরামী ও তার সহযোগীরা মারধর করেছে। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু হযরত আলী মারা গেছে। ঘটনা ঘটেছে শনিবার বিকেলে তালতলী উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসা মাঠে। ছেলের এমন মৃত্যুতে মা আছিয়া বেগমের আহাজারিতে হাসপাতাল এলাকার আকাশ ভাড়ী হয়ে ওঠেছে। জানাগেছে, তালতলী উপজেলার হরিনখোলা গ্রামের মৃত্যু ইদ্রিস খলিফার ছেলে হযরত আলী খলিফা শনিবার বিকেলে হরিণখোলা দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলছিল। ওই খেলায় হযরত আলী গোলকিপার ছিল। খেলা চলাকালিন সময়ে কবিরাজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম ঘরামীর বখাটে ছেলে মুছা ঘরামীর গরু নিয়ে যাচ্ছিল। ফুটবল গরুর কাছে ছিটকে পড়লে গরুটি ভয়ে পালাতে দৌড় দেয়। এতে ক্ষিপ্ত হয় মুছা। এক পর্যায় মুছা ও তার সহযোগীরা শিশু হয়রত আলীকে মারধর করে। ঘটনার পরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু টাকার অভাবে তাকে হাসপাতালে নিতে পারেনি মা আছিয়া বেগম। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে চাচা ইউনুস খলিফা ভাইয়ের ছেলেকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু হয়রত আলী দুপুরে মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে তালতলী থানায় নিয়ে আসে। ঘটনার পরপরই রহিম ঘরামীর ছেলে মুছা ঘরামী ও তার সহযোগীরা পালিয়েছে। নিহতের মা আছিয়া বেগম কান্নাজনিত কন্ঠে বলেন , মোর বাইচ্চা থাহার আর কিচুই রইলো না। আলহে পোলাডা হেডারেও মুছা ও হ্যার লোকজন পিডাইয়া মাইর্যান হালাইছে। মুই অ্যাইয়ার বিচার চাই। নিহতের চাচা ইউনুস খলিফা বলেন, ভাইয়ের ছেলেকে রহিম ঘরামীর ছেলে মুছা ও তার লোকজন মারধর করেছে। হাসপাতালে এনে চিকিৎসা চলাকালীন সময়ে মারা গেছে। তিনি আরো বলেন, আমার ভাইয়ের ছেলের হত্যাকারীদের শাস্তি দাবী করছি। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সদ্যসাচী দাশ সানি বলেন, হযরত আলী পেটে প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news